চট্টগ্রাম মেটোপলিটন পুলিশে কর্মরত এক পুলিশ কর্মকর্তার ছেলে নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। শুক্রবার (২ এপ্রিল) দুপুরে নগরীর সিটি গেট শাপলা আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ওই তরুণের নাম মুশফিকুল হক মাহিন (১৮)।
পরিবারের সদস্যদের দাবি, মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশ না নেওয়া মাহিনকে তার বাবা বকা দেন। এজন্য সে অভিমানে আত্মহত্যার পথ বেছে নেয়।
নগরীর খুলশী থানায় কর্মরত সাব ইন্সপেক্টর মাইনুল হোসেনের ছেলে মাহিন গত বছর সিএমপি স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছিলেন।
এ বিষয়ে নিহতের বাবা পুলিশ কর্মকর্তা মাইনুল হোসেন বলেন, আজ মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার কথা ছিল মাহিনের। ঘুম থেকে উঠে দেখি সে পরীক্ষা দিতে যায়নি। প্রস্তুতি ভালো না থাকার কথা বলে সে। এ সময় আমি তাকে বকা দেই। বকা দিয়ে আমি নামাজ পড়তে চলে যাই। নামাজ দাঁড়ানোর আগে শুনি আমার ছেলে আর নেই।
নগরীর আকবর শাহ থানার ওসি মো. জহির জানান, দুপুরে আকবর শাহ এলাকায় এ ঘটনাটি ঘটেছে। ঘটনাটি জানার পর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সবাই ঘটনাস্থলে যায়। মূলত বকা দেওয়ার কারণে বাবার পিস্তল দিয়েই আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে বলেও জানান তিনি।
বার্তা বাজার/এসজে