ঢাকার যানজট কমাতে চালু হচ্ছে ১০ ইউটার্ন

ঢাকা উত্তর নগরীর যানজট কমাতে শনিবার (৩ এপ্রিল) চালু হতে যাচ্ছে ১০টি ইউটার্ন। রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড় থেকে উত্তরার হাউজবিল্ডিং পর্যন্ত থাকছে এসব ইউটার্ন। এগুলো চালু হলে সড়কটিতে ডানে মোড় নেওয়ার (রাইটটার্ন) পয়েন্টগুলো বন্ধ করে দেওয়া হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শুক্রবার (২ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

সংববাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাস্তবায়নাধীন ‘ঢাকার তেজগাঁও সাতরাস্তা মোড় থেকে উত্তরা হাউজবিল্ডিং পর্যন্ত ১১টি ইউটার্ন নির্মাণ’ প্রকল্পের আওতায় উত্তরা রাজলক্ষ্মীর সামনে, উত্তরা র‌্যাব-১ অফিস, ফ্লাইং ক্লাব কাওলা, বনানী ওভারপাস, বনানী আর্মি স্টেডিয়ামের সামনে, বনানী চেয়ারম্যানবাড়ি, মহাখালী আমতলী, মহাখালী বাস টার্মিনালের সামনে, তেজগাঁও নাবিস্কো মোড় এবং সাতরাস্তার বিজি প্রেস এলাকায় নির্মিত ১০টি ইউটার্ন যানবাহনের ব্যবহারের জন্য শনিবার উন্মুক্ত করা হবে।

একইসঙ্গে সড়কের উভয় দিকে ডানে মোড় নেওয়ার সব পয়েন্ট বন্ধ করে দেওয়া হবে। এ জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের সহযোগিতা নেবে ডিএনসিসি।

বন্ধ হতে যাওয়া ডানে মোড় নেওয়ার পয়েন্টগুলো হলো—নেভি হেড কোয়ার্টারের শাখা রাস্তা, বনানী রোড নম্বর ২৭, বনানী কাকলী, বনানী রোড নম্বর ১১, মহাখালী আমতলী মোড়, তেজগাঁও কোহিনুর মোড়, লাভ রোড মোড়।

রাজধানীর যানজট হ্রাস করতে এসব এলাকায় চলাচলকারী যানবাহনকে ইউটার্নগুলো ব্যবহার করতে অনুরোধ করেছে ডিএনসিসি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর