‘নিপুণ রায়ের অডিওটি বানোয়াট’

বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরীর যে অডিওটি ফাঁস হয়েছে সেটিকে বানোয়াট বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি নেতা এ্যাড. নিপুন রায় চৌধুরীকে রায়ের বাজার তার বাসা থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার সঙ্গে দুর্ব্যবহার করে তাকে গ্রেফতার করে। ওই দিনেই একটি বেসরকারী টিভি চ্যানেলে জনৈক আরমানের সঙ্গে তার কথোপকথনের একটি বানোয়াট অডিও প্রচার করে যা সম্পূর্ণভাবে প্রযুক্তির মাধ্যমে তৈরী করা, বানোয়াট এবং ভিত্তিহীন।

তিনি আরও বলেন, এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী একজন কর্মরত আইনজীবী, একজন সক্রিয় মানবাধিকার কর্মী এবং সচেতন রাজনীতিক। কোন সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে তার জড়িত থাকার প্রশ্নই উঠতে পারেনা। এটা সম্পূর্নভাবে একটি ষড়যন্ত্রমূলক, সাজানো তৈরী করা এবং তাকে মিথ্যা দোষারপ করার একটি জঘন্য চক্রান্ত।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য সরকার আবারও মিথ্যা প্রচারণা, মিথ্যা মামলা ও গ্রেফতারের পথ বেছে নিয়েছে। গত কয়েক দিনের সরকারী বাহিনী ও পুলিশ কর্তৃক হত্যা, আওয়ামী এজেন্টদের দ্বারা ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা এবং সারাদেশে আওয়ামী সন্ত্রাস সৃষ্টি করার জন্য অডিও নাটক সাজিয়ে বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীকে গ্রেফতার, রিমান্ড নেওয়া ও সারা দেশে পুনরায় হাজার হাজার অজ্ঞাত নামা আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে বিএনপি নেতা-কর্মীদের হয়রানী করার হীন পরিকল্পনা করছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর