হাতি দিয়ে অভিনব কায়দায় চাঁদাবাজি

হাতিকে টাকা না দেওয়া পর্যন্ত দোকান থেকে হাতি সরছে না, এমন দৃশ্যও দেখা গেছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি বাজারে আজ শুক্রবার (২ এপ্রিল) বিকাল ৫ ঘটিকার সময়ে হাতি ব্যবহার করে অভিনব কায়দায় চাঁদা তুলতে দেখা যায়।

স্থানীয় সুত্রে জানা যায়, পুরো উপজেলায় সকল দোকান পাট ও পথচারীকে জিম্মি করে চাঁদা তুলে। এই হাতির পিঠে বসে একজন হাতিটিকে পরিচালনা করছেন। হাতির শুঁড় দিয়ে দোকানদারের কাছ থেকে টাকা নিয়ে নিজের পকেটে ঢুকান। টাকা না দেওয়া পর্যন্ত দোকান থেকে হাতি সরছে না, এমন দৃশ্যও দেখা গেছে। বিষয়টি নিয়ে উপজেলার তিরনইহাট,শিপাইপাড়া, শালবাহান বাজার, নিউ মার্কেট, বুড়াবুড়ি বাজার, হারাদিঘী বাজার, নাওয়াপাড়া বাজারসহ আরো অসংখ্য বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

শিলাইকুঠি বাজারের ওমর ফারুক, আল-আমিন, জাহেদুল, মন্জু, নুরসহ অনেকে জানান, উপজেলার প্রতিটি বাজারে প্রায় দেখা যায় অভিনব কায়দায় চাঁদা তুলছে। দোকান প্রতি কমপক্ষে ২০ থেকে ৩০ টাকা করে আদায় করা হয়।

স্থানীয়রা জানান, হাতিসহ দোকানের সামনে এসে দোকানদারকে ভয় দেখিয়ে টাকা আদায় করা হয়। চাঁদার টাকা না দেওয়া পর্যন্ত সেখান থেকে হাতি সরানো হচ্ছে না।’চাহিদা অনুযায়ী টাকা না পেলে হাতির শুঁড় দিয়ে দোকানের মালামাল ফেলে দেওয়া হচ্ছে বলে অনেকের অভিযোগ। এভাবে টাকা আদায়ের কারণে দোকানে বেচা-কেনায় সমস্যা হচ্ছে।

শিলাইকুঠি বাজারের কিটনাশক ব্যবসায়ী মো: ওমর ফারুক বলেন, ‘দুই-তিন মাস পরপর বিভিন্ন এলাকা থেকে আসা হাতি দিয়ে এখানে চাঁদাবাজি করা হচ্ছে। প্রশাসনিকভাবে বিষয়টি দেখার কেউ নেই।’

হাতির পরিচালক বলেন, ‘আমি হাতি নিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন এলাকা থেকে খাবারের জন্য টাকা সংগ্রহ করি। তবে, জোর করে কারো কাছ থেকে টাকা নেওয়া হয় না। লোকজন স্বেচ্ছায় যা দেয়, তাই নিয়ে আমরা সন্তুষ্ট।

তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া জানান, এলাকার লোকদের কাছ থেকে হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। শিঘ্রই এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এস এম আলআমিন/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর