মোদি বিরোধী আন্দোলনে মাদ্রাসা ছাত্রদের গুলি করে হত্যায় জড়িত থাকার অভিযোগে এনে চট্টগ্রামের হাটহাজারী থানার ওসির দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেছেন হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।
শুক্রবার (২ এপ্রিল) জুমার নামাজের পর হাটহাজারীতে জেলা পরিষদ মার্কেটের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
বাবুনগরী বলেন, আমরা বঙ্গবন্ধুর জন্য দোয়া করি। বাংলাদেশের জন্য দোয়া করি। আমরা স্বাধীনতা, দেশ বা সরকারবিরোধী নই। নাস্তিকদের বিরোধিতা করি।
তিনি বলেন, যারা নিরীহ ছাত্রদের গুলি করেছে, তাদের বিরুদ্ধে আন্দোলন চলবে। হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তিনি ওসি থাকতে পারবেন না।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসেন। এর প্রতিবাদে গত জুমার নামাজের পর বায়তুল মোকারম মসজিদে বিক্ষোভ করেন মুসল্লীরা। সেখানে পুলিশ ও সরকারদলীয় ক্যাডারদের সাথে মুসল্লীদের সংঘর্ষ হয়।
এর প্রতিবাদে হাটহাজারীতে মাদ্রাসাশিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে থানায় হামলার ঘটনা ঘটে। পুলিশ গুলি ছোড়ে। সেদিন হাটহাজারীতে সংঘর্ষে আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়, যাদের মধ্যে চারজন মারা যান।
বার্তা বাজার/এসজে