ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে সফরকে কেন্দ্র করে বিক্ষোভে সারাদেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। তাদের এই মৃত্যুর নিরপেক্ষ ও দ্রুত স্বতন্ত্র তদন্তের দাবি জানিয়েছেন ১১টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।
বৃহস্পতিবার (১ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তারা এই দাবি জানান। এসময় বাংলাদেশে স্বাধীনভাবে শান্তিপূর্ণ সমাবেশ করার আহ্বানও জানানো হয়।
বিবৃতি দেয়া সংগঠনগুলো হলো, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভলপমেন্ট- বা ফোরাম এশিয়া, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন, ক্যাপিটল পানিসমেন্ট জাস্টিজ প্রজেক্ট (সিভিকাস), মোনাস বিশ্ববিদ্যালয়ের এলিয়োস জাস্টিস, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ) রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভোলানটরি অ্যাগেইনস্ট ডিজঅ্যাপিয়ারেন্স এবং ওয়ার্ল্ড অরগানাইজেশন অ্যাগেইনস্ট টর্চার।
তাদের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে অবশ্যই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার জন্য যাদের আটক করা হয়েছে তাদের সকলকে অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং তাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ বাতিল করতে হবে।
আরও বলা হয়, কর্তৃপক্ষ বিক্ষোভ দমন করতে সারা দেশে বেশ কয়েকটি জায়গায় বাংলাদেশ বর্ডার গার্ড মোতায়েন করেছিল, যার ফলে চট্ট্রগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় কমপক্ষে ১৪ জন বিক্ষোভকারী মারা গেছেন। এতে আরও কয়েকজন প্রতিবাদকারী আহত হয়েছে। অনেক গুলিতে আহত হয়েছে এবং কয়েকজনকে আটক করা হয়েছে। বিক্ষোভকারীদের দমনে সরকার দলীয় লোকজনও কাজ করেছে।
বার্তা বাজার/এসজে