করোনায় বিপর্যন্ত বিএনপি, ৪৪০ নেতাকর্মীর মৃত্যু

মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির সিনিয়র নেতারা একের পর এক করোনায় আক্রান্ত হচ্ছেন। এদের মধ্যে অনেকেই সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনায় দলটির অনেক নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। দলটি দাবি করেছে- সিনিয়র-জুনিয়র মিলিয়ে করোনায় এ পর্যন্ত ৪৪০ নেতাকর্মী মারা গেছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন আরও কয়েক শতাধিক।

বিএনপির সিনিয়র নেতাকর্মীদের মধ্যে বিএনপি স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. এ কে এম আজিজুল হক, ডা. ফরহাদ হালিম ডোনার, ভাইস চেয়ারম্যান ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন মিডিয়া কমিটির সদস্য আতিকুর রহমান রুমন, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, সাবেক ছাত্রনেতা রকিবুল ইসলাম বকুল প্রমুখ করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত হয়ে ইতোমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রুহুল কবির রিজভী। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বুধবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

এদিকে দলটির একটি সূত্র জানিয়েছে, করোনায় বিএনপির ৪৪০ নেতাকর্মী প্রাণ হারিয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট সাবেক মহানগর বিএনপি সভাপতি এমএ হক, মেজর জেনারেল (অব:) রুহুল আলম চৌধুরী, ঢাকা উত্তর মহানগর বিএনপি সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, ঢাকা পল্লবী থানা বিএনপির সহসভাপতি মো. আনিসুর রহমান, সাবেক মন্ত্রী টিএম গিয়াস উদ্দিন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সভাপতি ও বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য অ্যাডভোকেট কবির চৌধুরী, ওলামা দলের কেন্দ্রীয় আহবায়ক কমিটি সদস্য মাওলানা কাসেমী।

মৃত্যুর তালিকায় আরও আছেন কুমিল্লা বিভাগ সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, জাতীয় ট্যাক্সসেস বার সভাপতি অ্যাডভোকেট গফুর মজুমদার, গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি খন্দকার আহাদ আহমেদ, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি লায়ন মোহাম্মদ কামাল উদ্দিন, বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজা, শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক ফজলুল হক মোল্লা, গাজীপুর শ্রীপুর পৌরসভা বিএনপি মেয়র প্রার্থী শহিদুল্লাহ শহীদ, বিএনপি সহ-স্থানীয় সরকার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন সরকার, আমেরিকার বোস্টন বিএনপি ক্রীড়াবিষয়ক সম্পাদক মিতোষ বড়ুয়া ও সাবেক এমপি এটিএম আলমগীর প্রমুখ।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর