দেশে ফের করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। দৈনিক আক্রান্ত ও মৃত্যু নতুন রেকর্ড গড়ছে। এমন পরিস্থিতিতে দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা প্রয়োজন বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর ৩০ জেলাকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এসব জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এ অবস্থা ভয়ংকর হয়ে ওঠার আগেই কঠোর বিধিনিষেধ আরোপ প্রয়োজন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশ ও দেশের মানুষকে বাঁচাতে হলে এখনই কমপক্ষে দুই সপ্তাহের জন্য ঢাকাসহ সর্বোচ্চ সংক্রমণ প্রবণ ৫টি শহরে কারফিউ জারি করতে হবে।
এছাড়া বাকি ঝুঁকিপূর্ণ এলাকায় সরকারের দেয়া নতুন ১৮ দফা বিধিনিষেধ কঠোরভাবে পালন করতে হবে। এমনটি না হলে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজারের বেশি হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
দেশে করোনার সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ ৫টি জেলা হল- ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মৌলভীবাজার। এ ৫ জেলায় কারফিউর আদলে লকডাউন দিতে হবে। লকডাউন ঘোষণা-পরবর্তী ১৪ দিন কঠোরভাবে সেটি পালন করতে হবে বলে জানান বিশেষজ্ঞরা।
এ ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে লকডাউন দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। সেইসঙ্গে ঝুঁকিপূর্ণ ৩০টি জেলায় সরকারি নির্দেশিত ১৮ দফা কঠোরভাবে পালন করতে হবে। তা না হলে আগামী সপ্তাহে দৈনন্দিন আক্রান্ত রোগীর সংখ্যা বর্তমানের দ্বিগুণ হয়ে যাবে।
বার্তাবাজার/নব