দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস তথা মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার (২ এপ্রিল)।
সকাল ১০টা থেকে সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এক ঘণ্টার এ পরীক্ষা শেষ হবে বেলা ১১টায়।
এ বছর পরীক্ষায় অংশ নেবেন এক লাখ ২২ হাজার ৮৭৪ ভর্তিচ্ছু। সে হিসেবে এ বছর প্রতি আসনে লড়বেন ২৮ জন।
এ পরীক্ষা বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ এপ্রিল যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে সকাল ৮টার মধ্যে তাদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। ৯টা ৩০ মিনিটে পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটক বন্ধ হয়ে যাবে। সাড়ে ৯টার পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
গতবারের তুলনায় এ বছর প্রায় দ্বিগুণ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭২ হাজার। আর এ বছর ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ২৮ হাজার ৮৭৪ জন। পাশাপাশি এ বছর করোনার কারণে সকলের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রের সংখ্যা ১৯টি এবং ভেন্যু ৫৫টি করা হয়েছে। একইসঙ্গে কেন্দ্রের ভেতরে পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের ও কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের স্বাস্থ্যবিধি বজায় রাখতে থাকবে বিশেষ নজরদারি।
বার্তাবাজার/পি