জন্মদিন উপলক্ষে দরিদ্র পরিবারকে ২ মাসের খাবার দিলেন মানবিক এএসআই

জামালপুরের সরিষাবাড়ীতে নিজের জন্মদিনে পার্টি করে টাকা খরচ না করে সেই টাকায় নিজ উদ্যোগে পাখিদের জন্য ১৫০ টি ঘর ও দরিদ্র অসহায় পরিবারে ২ মাসের খাবার কিনে দিলেন তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মেহেদী।

জানা যায়, ১ এপ্রিল এ.এস.আই মেহেদীর জন্মদিন উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন ব্যতিক্রম কার্যক্রমের উদ্যোগ নেন। সকালে তারাকান্দি গেটপার এলাকায় পাখিদের জন্য বিভিন্ন গাছে গাছে মাটির হাড়ি দিয়ে তৈরি করেছেন বাসা। দুপুরে আওনা ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের তোতা মিয়া ( ৬০) নামক এক অসহায় ব্যক্তির বাড়িতে গিয়ে তার পরিবারকে ২ মাসের নিত্য প্রয়োজনীয় বাজার করে দেন। বাজারের মধ্যে ছিলো চাল, মাছ, আলু, ডাল, মাংস, ছোলা, মুড়ি, চিনি, তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। তোতা মিয়া পেশায় একজন ভ্যান চালক।

তোতা মিয়া বার্তাবাজারকে বলেন, আমার আয়ের একমাত্র মাধ্যম ব্যাটারি চালিত ভ্যানটি নষ্ট হয়ে আয় বন্ধ হয়ে গেছে। বিষয়টি অন্য মানুষের দ্বারা জানতে পেরে মেহেদী পুলিশ আমার বাড়ীতে এসে অনেক বাজার করে দিয়ে গেছে।

এএসআই মেহেদী বার্তাবাজারকে বলেন, আজ আমার জন্মদিন তাই আমি এই বিকল্প উদ্যোগ নিয়েছি।

আমি অন্য লোকের মাধ্যমে জানতে পেরেছি যে তোতা মিয়া নামের এক ভ্যান চালকের অসহায় ভাবে জীবন যাপনের খবর। তাই আমি জন্মদিনের টাকা খরচ না করে একটি অসহায় পরিবারকে সহযোগীতা করেছি। তারা আপাতত ২ মাস ভালো ভাবে খেয়ে চলতে পারবে।

মোস্তাক আহমেদ/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর