কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি কার্যকরে পুলিশের বিশেষ অভিযান

দেশব্যাপী দ্বিতীয় দফা করোনার ঢেউ মোকাবেলায় সরকারের জারি করা নির্দেশনা পালনে জনগণকে উদ্বুদ্ধ করতে মাঠে নেমেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। বৃহস্পতিবার (০১ এপ্রিল) দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে গণ পরিবহণে আসন সংখ্যার অর্ধেক যাত্রী পরিবহণ নিশ্চিত ও মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে বিশেষ প্রচারণা চালায় জেলা পুলিশ।

করোনা সংক্রমণ বেড়ে গেলেও সারা দেশের মতো কুড়িগ্রামের বেশিরভাগ মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না। গণ-পরিবহণ, হাটবাজার ও কর্মস্থলে মাক্স ব্যবহার করছেন না অনেকেই। জনসমাগমও এড়িয়ে চলেেছন না কেউ। এই পরিস্থিতিতে সরকারের দেয়া নির্দেশনা বাস্তবায়নে এবং জনমানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী কুড়িগ্রাম জেলা পুলিশ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বিভিন্ন হাটবাজারে অভিযান শুরু করেছে। তারা পথচারী ও যান চালকদের মাক্স ও হ্যান্ড সেনিটাইজার বিতরণসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করছেন।

পাশাপাশি নিয়ম না মানলে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির আওতায় আনতে কঠোর ব্যবস্থা নেওয়ার হবে বলেও সতর্ক করেন পুলিশ কর্মকর্তারা।

বিশেষ এ প্রচারনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রুহুল আমিন, সহকারি পুলিশ সুপার কল্লোল দত্ত, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, ট্রাফিক বিভাগের পরিদর্শক জাহিদ সরোয়ার, জেলা মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, সরকারের দেওয়া নির্দেশনা মোতাবেক মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পুলিশ মহাপরিদর্শকের নির্দেশনা অনুযায়ী জেলা পুলিশ জনমানুষকে সচেতন করার কাজ শুরু করেছে। সেইসাথে স্বাস্থ্যবিধি মানতে ও গণপরিবহণগুলোতে আসন সংখ্যার অর্ধেক যাত্রী পরিবহণে মোটর মালিক ও গাড়িচালকদের সচেতন করা হচ্ছে। এরপরও কেউ যদি স্বাস্থ্যবিধি মানতে না চান তাকে ভ্রাম্যমান আদালতে শাস্তি পেতে হবে।।

সুজন মোহন্ত/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর