মাদারীপুরের কালকিনিতে মোটরসাইকেল ও তেলবাহী লরি মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (০১ এপ্রিল) বিকেলে ঢাকা- বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার পান্তাপাড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। এতে আহত অবস্থায় আরও একজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহতরা হলেন- মোটরসাইকেল চালক বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম ডুমুরিয়া গ্রামের আনেছ ফকিরের ছেলে তুহিন ফকির ও মাদারীপুরের মস্তফাপুর এলাকার মিন্টু দর্জির ছেলে আরাফাত দর্জি।
পুলিশ, এলাকা ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার বালীগ্রাম এলাকার পান্তাপাড়া নামকস্থানে বরিশালগামী একটি তেলবাহী লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে মোটরসাইকেল চালক তুহিন ঘটনাস্থলে নিহত হয়। পরে আহত অবস্থায় আরাফাতকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘাষনা করেন। এদিকে অজ্ঞাতনামা একজন আহত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
কালকিনি উপজেলার ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান এ সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আকাশ আহম্মেদ সোহেল/ বার্তা বাজার/এস.আর