২৩ বছর পর নায়ক সোহেল চৌধুরীর খুনী গ্রেফতার

হত্যাকাণ্ডের ২৩ বছর পর গ্রেফতার হয়েছেন বাংলা চলচ্চিত্রের অন্যতম নায়ক সোহেল চৌধুরীর হত্যাকারী। বুধবার (৩১ মার্চ) বিকালে রাজধানীর হাজারীবাগ থানাধীন পূর্ব রায়েরবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ফারুক আব্বাসি কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের চেয়ারম্যান। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

তিনি বলেন, আমাদের কাছে তথ্য ছিল দু’টি মামলায় ওই চেয়ারম্যান উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিনে রয়েছেন। তবে বাদীপক্ষ ওই জামিন বাতিলের জন্য আপিল করে। এরই পরিপ্রেক্ষিতে ওই চেয়ারম্যানের অস্ত্র মামলার আগাম জামিন আপিল বিভাগ স্থগিত করেছেন বলে আমরা জেনেছি।

তিনি আরও বলেন, বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য গত দু’দিন আমরা তাকে গোয়েন্দা নজরদারিতে রাখি। বুধবার নিশ্চিত হই, অস্ত্র মামলায় তাকে উচ্চ আদালতের দেওয়া আগাম জামিনটি স্থগিত করা হয়েছে। এরপর অভিযান চালিয়ে তাকে বুধবার বিকেলে ঢাকার হাজারীবাগ থানার পূর্ব রায়েরবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ফারুক আব্বাসির বিরুদ্ধে চিত্রনায়ক সোহেল চৌধুরীসহ আরও বেশ কয়েকটি হত্যার অভিযোগ রয়েছে। ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর রাজধানীর বনানীতে অবস্থিত আবেদীন টাওয়ারে ট্রাম্পস ক্লাবের নীচে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। সোহেল চৌধুরী ১৯৮৬ সালে চিত্রনায়িকা দিতিকে বিয়ে করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর