হাসপাতালগুলোতে যতই বেড বাড়ানো হোক না কেন, সবাই সচেতন না হলে করোনা রোগী কমানো সম্ভব না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (১ এপ্রিল) অনলাইনে ঢাকা মেডিকেলে নতুন ১০টি আইসিইউ বেড উদ্বোধনকালে তিনি এই কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা যতই হাসপাতালগুলোতে বেড বৃদ্ধি করি এতে কোভিড আক্রান্ত রোগী কমাতে পারব না। আমাদের আক্রান্তের উৎপত্তিতে আরও সচেতন হতে হবে। কোভিড নিয়ন্ত্রণে সরকারের ১৮ নির্দেশনা মেনে চলতে হবে। মনে রাখতে হবে, মাস্ক ছাড়া আমাদের বেখেয়ালি চলাফেরা আগামীতে আরও বিপর্যয় নিয়ে আসবে।
তিনি বলেন, আমাদের বেখেয়ালি চলাফেরা আগামীতে আরও বিপর্যয় বয়ে নিয়ে আসবে। চিকিৎসকরা সেবা করতে গিয়ে নিজেরা পরিশ্রান্ত হয়ে পড়েছেন। নিজেদের পরিবারকে সময় দিতে পারেন না, আমরাও তাদের ছুটির ব্যবস্থা করতে পারিনি। যেহেতু এ মহামারি কমে যায়নি এরপরও আমাদের সেবা চালিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, সম্প্রতি করোনা আক্রান্তের হার তা গত চার মাস অপেক্ষা বহুগুণে বেশি। আমরা প্রস্তুতি হিসেবে হাসপাতালে বেডের সংখ্যা বাড়াচ্ছি কিন্তু এটা সমাধান না। এ থেকে বাঁচতে হলে আমাদের সচেতনতা জরুরি। মাস্ক ছাড়া সামাজিক, ধর্মীয়সহ সব অনুষ্ঠান কিংবা চলাফেরা বন্ধ করতে হবে।
বার্তা বাজার/এসজে