দেশে শিগগিরই ধান ও চালের দাম কমে যাবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয় থেকে অনলাইনে বোরো ধান কাটার উদ্বোধনকালে তিনি এই কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, বর্তমানে চালের দাম স্থিতিশীল হলেও তা স্বাভাবিকের তুলনায় বেশি। নানা কারণে এ দাম বেড়েছে। প্রধানমন্ত্রীর আহ্বান ছিল কোনো মানুষ যেন করোনার কারণে না খেয়ে না থাকে। ধান ও চালের দাম বাড়ায় শুরু থেকেই টার্গেট ছিল বেশি উৎপাদনের। ৪৮ লাখ হেক্টর জমিতে ২ কোটি টন বোরো উৎপাদনের লক্ষ্য ছিল। সে অনুযায়ী ফলন পাওয়ার ব্যাপারে আশাবাদী সরকার।
তিনি বলেন, হাইব্রিডের উৎপাদনক্ষমতা বেশি হওয়ায় চলতি বছর ২ লাখ হেক্টর জমিতে অতিরিক্ত হাইব্রিড ধান লাগানো হয়েছে। এ বাবদ প্রণোদনা দেয়া হয়েছে ৭৩ কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে আরও এক লাখ হেক্টর বেশি জমিতে হাইব্রিড বোরো ধান উৎপাদন হয়েছে। এ ফলে ৩ লাখ টন বেশি ধান উৎপাদন হবে।
করোনায় খাদ্য সংকট মোকাবিলা সম্পর্কে তিনি বলেন , করোনায় খাদ্য নিয়ে যাতে কোন আতঙ্কের মধ্যে পড়তে না হয়, সে জন্য কাজ করছে সরকার। খাদ্য কষ্টে সরকারের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, সে জন্য কাজ করছে সরকার। কৃষকরা যাতে ভালো দাম পায়, সে অনুযায়ী ধান কেনা হবে।
বার্তাবাজার/এসজে