নাসির-মুগ্ধদের কাছে পাত্তাই পেল না চ্যাম্পিয়নরা

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) বর্তমান চ্যাম্পিয়ন খুলনা বিভাগ। প্রথম রাউন্ডে জয় পেলেও দ্বিতীয় রাউন্ডে রংপুর বিভাগের কাছে পাত্তাই পায়নি চ্যাম্পিয়নরা।

নিজেদের ঘরের মাঠে খুলনাকে ৭ উইকেটে হারিয়েছে নাসির হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধদের রংপুর বিভাগ। এবারের আসরে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন নাসির।

দারুণ এক ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। কোনো উইকেট না হারিয়ে ১৬ রান নিয়ে চতুর্থ দিন ব্যাটিং করতে নামে রংপুর। এদিন শুরুতেই ১ রান করে সাঝঘরে ফিরেন নবীন ইসলাম।

এরপর ৩৭ রান করে ফিরেন আরেক ওপেনার জাহিদ জাভেদ। সাঝঘরে ফিরে যান তানভীর হায়দারও। তিনি ১০ রান করেন। তবে এরপর আর কোনো উইকেট হারায়নি রংপুর।

নাসির ও সোহরাওয়ার্দী শুভর ব্যাটে জয় তুলে মাঠ ছাড়ে রংপুর। প্রথম ম্যাচে সেঞ্চুরি, এই ম্যাচের প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি হাঁকানোর পর দ্বিতীয় ইনিংসে ৪৪ বলে ৭ চার ও ২ ছয়ে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেন নাসির।

এতে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে রংপুর। শেষ দিন জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল ১০১ রান।

প্রথম ইনিংসে ৬৪ রানে ৬ ও দ্বিতীয় ইনিংসে ৬৭ রানে ৬ উইকেট নেন মুগ্ধ। ম্যাচসেরা হয়েছেন তিনি। দুই ইনিংস মিলিয়ে নাসির করেছেন ১১৪ রান। দুই ম্যাচে এক জয় ও এক হারে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে রংপুর।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর