হেফাজতে ইসলাম নেতা মাওলানা মামুনুল হক ও হরতালের নামে তাণ্ডব চালানোদেরকে আগামী ৪ এপ্রিলের মাঝে গ্রেফতার না করা হলে পরদিন সকাল সন্ধ্যা হরতাল ডাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ইসলামী পিপলস পার্টি।
বৃহস্পতিবার (১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় ধর্মভিত্তিক এই সংগঠনের চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসেন এই হুঁশিয়ারি দেন।
‘ইসলামের নামে যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে ইসলামের দৃষ্টিতে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া উচিত’ শীর্ষক এই আলোচনায় তিনি বলেন, সরকারের প্রতি জোর দাবি থাকবে, ইসলামের নামে যারা এ সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদেরকে আগামী চার দিনের মধ্যে গ্রেফতার করতে না পারলে আমরা আগামী ৫ তারিখে সকাল সন্ধ্যা হরতাল দেব।
ইসমাইল হোসেন বলেন, পবিত্র কোরআন ও হাদিসের আলোকে এ কথা প্রতীয়মান হয় যে, অযথা জ্বালাও-পোড়াও করে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার কোনো সুযোগ নেই। ইসলামের স্বার্থে বা ইসলাম কোনো দাবি-দাওয়া আদায়ের ক্ষেত্রেও ইসলামের প্রকৃত দৃষ্টিভঙ্গী এবং শান্তিপূর্ণ পদ্ধতি অনুসরণ করা উচিত। এক্ষেত্রে দেশের ইসলামী বা ধর্মীয় দলগুলোকে আরও সচেতন হওয়া দরকার।
তিনি বলেন, ধর্মীয় সংগঠনের নামে রাষ্ট্রের সম্পদ নষ্টের মতো কর্মকাণ্ড চালানো মোটেও শোভা পায় নাই। ইসলাম শান্তির ধর্ম। চারদিনের মধ্যে মামুনুল হকসহ যারা ইসলামের নামে, আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তাদের গ্রেফতার করতে হবে। নতুবা পাঁচ তারিখ হরতাল দেব। সেদিন মামুনুল হকের বাড়ি ঘেরাও করবো। মামুনুল হক যেখানেই থাকবে তার বাড়ি আমরা ঘেরাও করবো। তাকে আমরা প্রসাশনের হাতে তুলে দেব।
বার্তা বাজার/এসজে