রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে চেয়ারম্যানের মৃত্যু
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল(৫২) কে গুলি করে দুর্বৃত্তরা।
বুধবার(৩১ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। সাভার এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার সময় তার মৃত্যু হয়েছে।
আব্দুল গনি মন্ডল দৌলতদিয়া ইউনিয়নের ওমর আলী মোল্লা পাড়া এলাকার বিন্দু মোল্লার ছেলে ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান।
স্থানীয়রা জানায়, রাতে চা খেয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান গনি মন্ডল। সে সময় মোটরসাইকেলের ওপর থেকে একদল দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নিতাই কুমার ঘোষ জানান, প্যানেল চেয়ারম্যানের অবস্থা আশঙ্কাজন। তার পেটের বাম পাশে গুলি লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সাভার এনাম মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বার্তা বাজারকে জানান, বুধবার রাত ১০ টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে একটি চায়ের দোকানে চা খেয়ে নিজ বাড়ি ফিরছিলেন আব্দুল গনি মন্ডল।
এ সময় সেখান থেকে একটু সামনে এগুতেই একটি মোটর সাইকেলে চরে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় তাকে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে এখনো লিখিত কোন অভিযোগ পাইনি।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি