বাসে উঠতে না পেরে রাজধানীতে বিক্ষোভ

বাসে উঠতে না পেরে রাজধানীর খিলক্ষেত সড়কে বিক্ষোভ করেছেন কর্মস্থলগামী যাত্রীরা। এ সময় যাত্রীরা কয়েকটি বাস আটকে রাস্তায় বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে যাত্রীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ঘটনার সূত্রপাত।

বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মো. মাসুম বলেন, ৫০ শতাংশ আসনে যাত্রী নেওয়ায় অনেক যাত্রী বাসে উঠতে পারছেন না। ফলে তারা অফিসে বা গন্তব্যে যাওয়ার কোনো বাহন না পেয়ে নিকুঞ্জ এলাকার খিলক্ষেত সড়কে বিক্ষোভ করেন। বিক্ষোভের ফলে রাস্তায় কিছুক্ষণের জন্য যানচলাচল বন্ধ ছিল। পরে আমাদের টহল টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে এখন পুলিশ রয়েছে।

যাত্রীরা অভিযোগ করে বলেন, সকাল ৭টা থেকে বাসের জন্য দাঁড়িয়ে আছি, একটি বাসেরও আসন খালি পাওয়া যাচ্ছে না। এই রোড দিয়ে উত্তরাগামী অধিকাংশ বাসের গেটলক।

তারা আরও বলেন, মালিকরা ৫০ শতাংশ আসনে যাত্রী নিলেও ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর কারণে তাদের কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। অধিকাংশ যাত্রী বাস না পেয়ে বেশি ভাড়ায় অটোরিকশায় অফিসে যাচ্ছেন। আবার কেউ কেউ হেঁটে রওনা দিয়েছেন।

বিআরটিএ বলছে, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার যে ১৮ দফা নির্দেশনা দিয়েছে সেটি বাস্তবায়নের অংশ হিসেবে আগামী দুই সপ্তাহ মোটরসাইকেলে যাত্রী পরিবহন নিষেধ করা হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর