ছাত্রলীগকে ভয় পাচ্ছে বিএনপি!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পটুয়াখালী জেলা কার্যালয়ে ভাঙচুর ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে দলীয় নেতাকর্মীরা। বুধবার (৩১ মার্চ) দিনগত রাতে জেলা সদরের বনানী রোডে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনটি করে তারা।

সেখানে হামলার পেছনে ছাত্রলীগ জড়িত আছে বলে উল্লেখ করলেও কোনো নেতাকর্মীর নাম তারা ঘোষণা করেনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশীদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

তাদের বক্তব্যে বলা হয়, মঙ্গলবার রাতে বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে অংশ নিতে আসা আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন সিকদার ও জেলা যুবদল নেতা পারভেজ ও জেলা শ্রমিক দল নেতা বাবুলসহ একাধিক নেতাকর্মীকে মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

পরে জয় বাংলার স্লোগান দিয়ে দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়িয়ে দেয়। হামলার সময় জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার এবং তারেক জিয়ার ছবি ভাঙচুর করে পুড়িয়ে দেয়া হয়।

সংবাদ সম্মেলনে হামলাকারীদের নাম জানতে চাইলে ও কেন লিখিত বক্তব্যে তাদের নাম উল্লেখ করা হয়নি এ বিষয়ে চুন্নু মিয়া বলেন, দেশের অবস্থা আপনারা জানেন। আমাদের কোনো অবস্থান নাই। পুলিশ-প্রশাসন থেকে কোনো সহায়তা পাই না। থানা-আদালতে মামলা নেয় না। পুলিশকে অবহিত করা হলেও কোনো ভূমিকা নেই। হামলাকারীদের নাম বললে এলাকায় থাকতে পারবো না। তাই এই মুহূর্তে নাম বলা যাবে না।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর