সাগরকন্যা কুয়াকাটা ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে দুই সপ্তাহের জন্য। করোনা প্রাতিরোধে কুয়াকাটার সব হোটেল-মোটেলও বন্ধ ঘোষণা করেছে পটুয়াখালী জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে শুরু হয়ে এই নির্দেশনা কার্যকর থাকবে ১৫ এপ্রিল পর্যন্ত।
বুধবার (৩১ মার্চ) দিনগত রাতে কুয়াকাটা শহরে স্থানীয় প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ মাইকিং করে এই বিষয়টি অবহিত করেছেন।
এদিকে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ও মহিপুর থানার উদ্যোগে স্থানীয় হোটেল মোটেল মালিক সংঘের সদস্য এবং অন্যান্য ব্যবসায়ীদের নিয়ে করোনা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অন্যান্য ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য বিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান শর্ত সাপেক্ষে খোলার অনুরোধ করা হয়। স্থানীয় বিভিন্ন হোটেল মোটেল মালিক এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এতে মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকদের মাধ্যমে অত্র অঞ্চলে যাতে করোনা সংক্রমন বৃদ্ধি না পায় সে লক্ষ্যে জেলা প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে মহিপুর থানা পুলিশ সচেষ্ট রয়েছে। ইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা এবং সকল ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামুলক সভা সম্পন্ন করা হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত শহিদুল হক জানান, দেশব্যাপী করোনার সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সরকারের নির্দেশনায় পর্যটন কেন্দ্র কুয়াকাটার সকল হোটেল-মোটেল বন্ধ এবং দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকদের আগমনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। সে লক্ষ্যে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ এবং মহিপুর থানা পুলিশ যৌথ ভাবে করোনা পরিস্থিতি মোকাবেলায় কাজ করবেন।
বার্তাবাজার/এসজে