হাত-পা বেঁধে নির্যাতন; চেয়ারম্যানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা, আটক ২

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় আল আমীন নামে এক কাঠ ব্যবসায়ীকে নির্যাতনের ঘটনায় উপজেলার পত্তাশী ইউনিয়নের চেয়াম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদার সহ ১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাত আসামি রয়েছে ১০/১২ জন।

এ ঘটনায় পুলিশ ইউনিয়ন যুবলীগের নেতা মজিদ ফকির ও আলাম ফকিরকে গ্রেফতার করেছে।

নির্যাতনের শিকার ব্যবসায়ী আল আমীনের পিতা আলী আকব্বর বাদী হয়ে গত মঙ্গলবার রাতে ইন্দুরকানী থানায় মামলাটি দায়ের করেন।

এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে গত রবিবার রাতে আল আমীনকে হাত পা বেঁধে নির্মমভাবে নির্যাতন করে গ্রেফতারকৃত মজিদ ও আলামসহ একদল যুবক। এরপর ইন্দুরকানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আল আমীনকে উদ্ধার করে চিকিত্সার জন্য জেলা হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তী সময়ে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলায় গ্রেফতার করা হয় আল আমীনকে।

ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, মামলায় অভিযোগ করা হয়, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের নির্দেশে অন্য অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে আল আমীনকে নির্মমভাবে নির্যাতন করেছে। মামলায় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের ছেলে সানি হাওলাদারকেও আসামি করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর