বিএনপির সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত

মহামারি করোনা সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধির কারণে দলীয় সকল কর্মসূচী স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (৩১ মার্চ) বিকেলে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সূত্র থেকে জানানো হয়, আগামী ১ এপ্রিল থেকে বিএনপির সকল কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই স্থগিত অব্যাহত থাকবে।

বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, ‘সরকারের উদাসীনতার কারণে করোনার সংক্রমণ ঊর্ধ্বগতি হয়েছে। এই পরিস্থিতিতে নেতাকর্মী এবং দেশের জনগণের সার্বিক দিক বিবেচনা করে জনসমাগম হয়, স্বাস্থ্যবিধি ভঙ্গ হয়-এমন সব কর্মসূচি বিএনপির পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো। তবে টেলিফোন, মোবাইল, সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন অ্যাপসের মাধ্যমে নেতাকর্মী, জনগণের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ অব্যাহত থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত এই স্থগিতাদেশ অব্যাহত থাকবে।

এদিকে আগামীকাল ১ এপ্রিল যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সম্মিলিতভাবে যে সারাদেশে যৌথ বিক্ষোভ কর্মসূচি আহ্বান করেছিল তা স্থগিত করা হয়েছে। তিন সংগঠনের পক্ষ থেকে যৌথ বিবৃতিতে এই স্থগিতের কথা জানানো হয়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর