কাল বিধানসভা নির্বাচনে মুখোমুখি হচ্ছে মমতা-শুভেন্দু

আগামীকাল দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। এ নির্বাচনে ভোট হবে সবচেয়ে আলোচিত কেন্দ্র নন্দীগ্রামে। বিধান সভার এ নির্বাচনে নন্দীগ্রামসহ চার জেলায় ভোটগ্রহণ হবে মোট ৩০টি আসনে।

এ দফার ভোটেই ভাগ্য নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল ত্যাগী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই আসনটিই এতদিন তৃণমূল কংগ্রেসের হয়ে শুভেন্দুর দখলে ছিল।

পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটের দ্বিতীয় দফার আসনগুলোর মধ্যে আলোচিত আসন নন্দীগ্রাম। ২৯৪ আসনের মধ্যে আট দফার ভোটের সবচেয়ে হাইভোল্টেজ কিংবা নজরকাড়া আসনও এটি। তৃণমূলের হয়ে মমতা বন্দ্যোপাধ্যয়, বিজেপির হয়ে শুভেন্দু অধিকারী এবং বামফ্রন্ট মোর্চার মীনাক্ষি মুখোপা্ধ্যায় নন্দীগ্রাম আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী।

আগামীকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) ভোটগ্রহণ। ভোটের ৪৮ ঘণ্টা আগে মঙ্গলবার বিকেল থেকেই প্রার্থীরা প্রচার প্রচারণা শেষ করেন। কিন্তু এর আগে দিনভর নন্দীগ্রাম সাক্ষী থাকলো ঐতিহাসিক প্রচারণা দেখে। শুভেন্দুর হয়ে খোলা জিপে প্রায় ১০ কিলোমিটার রোডশো করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।

এদিকে রোডশোতে অংশ নিয়ে নন্দীগ্রামের মানুষের কাছে পৌঁছানোর শেষ মুহূর্তের চেষ্টা করেন মমতাও। এই দুই প্রার্থীর চেয়ে বয়সে অনেক ছোট হলেও মোর্চা প্রার্থী মীনাক্ষি মুখোপাধ্যায়ও শেষ দিনটিকে কাজে লাগাতে মরিয়া চেষ্টা চালিয়েছেন।

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলার বাকি ২৯ আসনের বিজেপি-তৃণমূল-মোর্চার প্রার্থীরা প্রচার শেষ করেন সময় মতো।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর