পিছিয়েছে রোহিঙ্গাদের ৬ষ্ঠ দফার স্থানান্তর

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবির থেকে ষষ্ঠ দফায় নোয়াখালীর ভাসানচর যাচ্ছে চার হাজার ২৭১ জন রোহিঙ্গা। তবে এদের মধ্যে প্রথম দলের দুই হাজারের বেশি রোহিঙ্গা বুধবার (৩১ মার্চ) নোয়াখালীর ভাসানচরে নিয়ে যাওয়ার সব প্রস্তুতি থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা বাতিল করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নৌবাহিনীর লে. কমান্ডার শামীম জানান, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন আছে। আবহাওয়া খারাপ তাই আজ যাত্রা করা হয়নি। আমরা স্ট্যান্ডবাই আছি, আবহাওয়া ভালো হলেই যেকোনো সময় যাত্রা শুরু করা হবে।

এর আগে মঙ্গলবার ২ হাজার ৫৫০ জন এবং বুধবার (৩১ মার্চ) এক হাজার ৭১৬ সহ দুই দিনে মোট ৪ হাজার ২৭১ জন রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া ট্রানজিট ক্যাম্প থেকে ভাসানচরের উদ্দেশ্যে চট্টগ্রাম নেওয়া হয়েছে।

সেখানে তারা চট্টগ্রামে বিএএফ শাহীন কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে আছে। সেখান থেকে আবহাওয়া ভালো হলে ভাসানচর নিয়ে যাওয়া হবে।

রোহিঙ্গাদের একটি সূত্র জানায়, ষষ্ঠ দফায় যারা ভাসানচর যাচ্ছে তাদের মধ্যে প্রায় ৪৯৭ জন রোহিঙ্গা গত ২২ মার্চ উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত।

ভাসানচরগামী ক্যাম্প৮-ডব্লিউ এর এফ ব্লকের বাসিন্দা রোহিঙ্গা নুর মোহাম্মদ জানান, ‘আর মও টেলিফোন গরি জানাইয়ে ইতারা ঠেঙ্গারচরত ভালা আছে, অইনত মাঝে আর গর পুরি গিইয়ু আরাও এহন এডে যাইর গই’ (আমার মামা ফোনে জানিয়েছে ভাসানচরে তারা ভালো আছে, আগুনে আমার ঘর পুড়ে গেছে, আমরাও এখন সেখানে যাচ্ছি)।

অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন জানান, এ পর্যন্ত পাঁচ দফায় প্রায় ১৪ হাজার রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়েছে। ষষ্ঠ দফাসহ এ সংখ্যা দাঁড়াবে ১৮ হাজারের বেশি।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর