ঠাকুরগাঁও পৌর নির্বাচন: স্থগিত ৭নং ওয়ার্ডে জয় পেলেন রমজান

চতুর্থ দফায় ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে স্থগিত হওয়া ঠাকুরগাঁও পৌরসভার ৭ নম্বর সাধারণ ওয়ার্ডে জয়লাভ করেছেন বর্তমান কাউন্সিলর মোঃ রমজান আলী। তিনি ঢেঁড়শ প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৬৬ ভোট, যা মোট ভোটের ৩২ দশমিক ৪ শতাংশ।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রী রতন চন্দ্র দেবনাথ গাজর প্রতীক নিয়ে পেয়েছেন ৭৩০ ভোট। এছাড়া আবুল কালাম আজাদ উটপাখি প্রতীক নিয়ে পেয়েছেন ৪২৫ ভোট, আরিফ হোসেন পাঞ্জাবি প্রতীক নিয়ে পেয়েছেন ৫৯ ভোট, মমিনুল ইসলাম ডালিম প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮ ভোট এবং আবুল হোসেন টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ ভোট।

বুধবার (৩১ মার্চ) দেশের অন্য ৩ পৌরসভার পাশাপাশি চতুর্থ দফায় ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে স্থগিত হওয়া ঠাকুরগাঁও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সকাল ৮টায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল ৪টা পর্যন্ত। ৭ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৫৭৫৮ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ৩১৩৫ জন, যা মোট ভোটের মাত্র ৫৪ দশমিক ৪৫ শতাংশ।

পুরুষ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ জবেদ আলী জানান, কোনপ্রকার অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভোটারদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে উক্ত ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর ও ১৪ ফেব্রুয়ারির নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী ময়নুল ইসলাম (৫৫) আধুনিক সদর হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি উঠপাখি প্রতীক নিয়ে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দিতা করছিলেন। পরবর্তীতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৩১ মার্চ পুনরায় কাউন্সিলর পদে ভোট অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

এস. এম. মনিরুজ্জামান মিলন/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর