আসন্ন রমজান উপলক্ষে ভোজ্য তেলের মূল্য প্রতি লিটারে ১০ টাকা বাড়িয়েছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
গত ১৭ মার্চ থেকে বুধবার (৩১ মার্চ) পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাজারে প্রতি লিটার ভোজ্য তেল ৯০ টাকা দরে বিক্রি করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
কিন্তু আগামীকাল (১ এপ্রিল) বৃহস্পতিবার থেকে প্রতি লিটার ভোজ্য তেল ১০০ টাকায় বিক্রি করবে বলে জানিয়েছে টিসিবি। এ নিয়ে জানুয়ারির পর থেকে ভোজ্য তেলের দাম দুই দফায় লিটারে ২০ টাকা বাড়াল টিসিবি।
এছাড়া রাজধানীসহ সারা দেশে ভর্তুকি মূল্যে টিসিবি ছয় পণ্য বিক্রি করবে। পণ্যগুলো হচ্ছে- সয়াবিন তেল, পেঁয়াজ ছোলা, চিনি, মশুর ডাল, ও খেজুর। সারা দেশে ৫০০টি ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বৃহস্পতিবার থেকে বিক্রি শুরু হয়ে চলবে ৬ মে পর্যন্ত।
বুধবার (৩১ মার্চ) টিসিবির ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
তবে এবার টিসিবির পণ্য বিক্রিতে রমজানের আঁচ পড়েছে। বাড়ানো হয়েছে দাম। প্রতি কেজি চিনি ও পেঁয়াজের দাম ৫০ ও ১৫ টাকা থাকলেও বৃহস্পতিবার থেকে বিক্রি হবে ৫৫ ও ২০ টাকা।
দাম বাড়ার বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, মাঝে মাঝে বিভিন্ন পরিস্থিতিতে কেনা মূল্যের দিকে তাকিয়ে পণ্যের দাম বিক্রিতে সমন্বয় করতে হয়। এবার সেটাই করা হয়েছে। তাই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিক্রিত কয়েকটি পণ্যের দাম কেজি ও লিটারে ৫-১০ টাকা বাড়ানো হয়েছে। তাই রমজান উপলক্ষে নতুন করে পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে টিসিবির।
টিসিবি সূত্র জানায়, বৃহস্পতিবার থেকে ট্রাকসেলে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি চিনি কিনতে পারবেন। পাশাপাশি ৫৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, প্রতি লিটার ১০০ টাকা দরে সর্বোচ্চ ৫ লিটার সয়াবিন তেল এবং ২০ টাকা দরে পেঁয়াজ কিনতে পারবেন। এছাড়া রমজান উপলক্ষে ২-৩ কেজি ছোলা ৫৫ টাকা দরে এবং এক কেজি খেজুর ৮০ টাকা দরে পাবেন।
এদিকে করোনাকালে সব ধরনের মানুষের আয় কমেছে। এর মধ্যে বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম। তাই সরকারি সংস্থা টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে বাজারের চেয়ে কম দামে পণ্য কিনতে সাধারণ মানুষের ভিড় বাড়ছে। গত কয়েক দিনে রাজধানীর বিভিন্ন স্থানে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম বেড়েছে। আর সেখানে মানুষের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।
বার্তাবাজার/ই.এইচ.এম