ডি-৮ এর চেয়ার হিসেবে বাংলাদেশের অর্জনসমূহ অভাবনীয় সাফল্য – পররাষ্ট্রমন্ত্রী
ডি-৮ এর চেয়ার হিসেবে বাংলাদেশের অর্জনসমূহ অভাবনীয় সাফল্য বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আগামী ৫-৮ এপ্রিল ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিতব্য দশম ডি-৮ শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি ।
মন্ত্রী আরও বলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে গৃহীত ‘রূপকল্প-২০২১’ এর মাধ্যমে একটি মধ্যম আয়ের দেশ এবং ‘রূপকল্প-২০৪১’ এর মাধ্যমে একটি উন্নত দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। আর্থ-সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় গৃহীত বাস্তবসম্মত পদক্ষেপ, বিশ্বশান্তি রক্ষায় অংশগ্রহণ, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সফলতা, বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় প্রদান এবং কোভিড মহামারির পাশাপাশি অর্থনৈতিক কর্মকান্ড সচল রাখা ও রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখায় বহির্বিশ্বে বাংলাদেশ ইতোমধ্যে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। কোভিড মহামারির মধ্যেও গত ২০১৯-২০ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫.২৪ শতাংশ অর্জিত হয়েছে। এছাড়াও, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে।
আমরা বিশ্বাস করি দশম ডি-৮ শীর্ষ সম্মেলন আয়োজন এবং আগামী দুই বছর ডি-৮ এর Chair-এর দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের এসকল অভাবনীয় সাফল্যগাঁথাসমূহ বিশ্ব দরবারে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে। সেই সাথে ডি-৮ এর Chair হিসেবে বাংলাদেশ, অন্যান্য ডি-৮ ভুক্ত দেশসমূহের সহযোগিতায় ডি-৮ এর অব্যবহৃত সম্ভাবনাসমূহকে কাজে লাগিয়ে এ অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতাকে এক নতুন মাত্রায় উন্নীত করতেও সক্ষম হবে। এছাড়াও, D-8 CCI-এর সভাপতি হিসেবে অন্যান্য ডি-৮ ভুক্ত দেশসমূহ থেকে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ আকৃষ্টকরণেও বাংলাদেশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে।
বাংলাদেশ প্রথমবারের মতো ডি-৮ যুব সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। আমরা আশা করছি, এ যুব সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের সাথে ডি-৮ সদস্যভুক্ত অন্যান্য দেশের তরুণ উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ স্থাপন এবং অভিজ্ঞতা বিনিময় হবে। আমরা প্রত্যাশা করছি এ সম্মেলনে অর্জিত অভিজ্ঞতা তরুণ বাংলাদেশী উদ্যোক্তাদের নতুন উদ্ভাবনী চিন্তা এবং উদ্যোগ গ্রহণে ভবিষ্যতে সহায়তা করবে ।
আফরোজা/বার্তা বাজার/এস.আর