কুড়িগ্রাম জেলা সদরের টেক্সটাইল মোড় এলাকায় অটোরিক্সার ছিটের নিচ থেকে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে সদর থানা পুলিশ। গাঁজাসহ অটোরিক্সার চালক আব্দুল কুদ্দুসকেও আটক করা হয়েছে।
বুধবার(৩১ মার্চ) বিকেল ৩ টার দিকে কুড়িগ্রাম-চিলমারী সড়কের টেক্সটাইল মোড় এলাকায় তাকে আটক করা হয়।
আটককৃত অটোরিকশা চালক কুদ্দুস কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের অন্তঃপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের টেক্সটাইল মোড় এলাকায় একটি অটোরিকশা তল্লাশি করে ওই অটোরিকশার সিটের ভিতর থেকে ১৫ কেজি ৭০০গ্রাম গাঁজাসহ ওই অটো চালককে আটক করা হয়। ওই মাদক ব্যবসায়ী অটোরিকশায় করে জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতেন বলে পুলিশ জানায়।
কুড়িগ্রাম সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, আটককৃত ওই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া চলছে।
সুজন মোহন্ত/বার্তাবাজার/পি