আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না: কাদের মির্জা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা উপজেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

একই সঙ্গে তিনি জানিয়েছেন, আর কোনো নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন না, জনপ্রতিনিধিত্ব করবেন না।

বুধবার (৩১ মার্চ) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন কাদের মির্জা। সেখানে তিনি লিখেন, আমি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করলাম। ভবিষ্যতে কোনো রকম কোনো জনপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করব না। ভবিষ্যতে আমি কোনো রকম কোনো দলীয় পদ-পদবির দায়িত্ব নেব না।

এর আগে দুপুর ১২টায় কাদের মির্জা ফেসবুক লাইভে এসে বলেন, অতীতে যে প্রতিশ্রুতি গুলো দিয়েছি তা রক্ষা করে আমি বিদায় নিতে চাই। আমি আর প্রশ্নবিদ্ধ হতে চাই না। আমি দল থেকে বিদায় নিচ্ছি।

তিনি বলেন, এত দিন আমি আওয়ামী লীগের মির্জা ছিলাম। আজ থেকে আওয়ামী লীগের মির্জা নেই। কোন শক্তি আমাকে আর আওয়ামী লীগের মির্জা বানাতে পারবেনা।

তিনি আরও বলেন, নিজের ঘোষিত উপজেলা আওয়ামী লীগের কমিটিকে আমি দূর থেকে সহযোগিতা করবো।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর