একাত্তরে গণহত্যার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া উচিৎ: পাকিস্তানি রাষ্ট্রদূত
বাংলাদেশে একাত্তরে ভয়াবহ গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিৎ বলে মনে করছেন পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি। বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাসের একটি আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন বলে মঙ্গলবার (৩০ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়।
স্বাধীনতার ৫০ বছর পুর্তি উপলক্ষে দূতাবাস আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: স্বাধীনতার মহান নেতা’ শীর্ষক এই ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত।
হুসেইন হাক্কানি বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি সেনারা যে নৃশংসতা চালিয়েছিল, তার ক্ষমা হতে পারে না। ক্ষমা চাওয়ার পাকিস্তানের জনগণের মধ্যেও দাবি ওঠা উচিৎ।
প্রসঙ্গত, ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত হুসেইন হাক্কানি পাকিস্তানের রাষ্ট্রদুত হিসেবে যুক্তরাষ্ট্রে কর্মরত ছিলেন। তিনি বর্তমানে হাডসন ইন্সটিটিউটে ফেলো হিসেবে নিয়োজিত।
আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের জনগণও চায় যে পাকিস্তান ১৯৭১ সালের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করুক। আমরা এখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি। এই উপলক্ষ্যে পাকিস্তান এখন গণহত্যার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে পারে।
বার্তাবাজার/এসজে