ব্রাহ্মণবাড়িয়ার ৭ মামলায় হেফাজতের কেউ আসামি হয়নি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে গত শুক্রবার (২৬ মার্চ) থেকে শুর হয়ে টানা তিন দিন দফায় দফায় রণক্ষেত্রে পরিণত হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা। এসব ঘটনায় এখন পর্যন্ত দায়ের করা হয়েছে ৭টি মামলা, আসামি হয়েছেন ৮ হাজারেরও বেশি অজ্ঞাত ব্যক্তি। কিন্তু কোনো হেফাজত নেতাকর্মীর নাম নেই এসব মামলায়।

পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ৯ জনের পরিবারের পক্ষ থেকেও থানায় কোনো ধরণের অভিযোগ করা হয়নি। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় এই পর্যন্ত হামলার ঘটনায় ৫টি মামলা দায়ের হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে থানার ওসি মো. আব্দুর রহিম জানান, প্রথম দিন গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়, শহরের দুই নম্বর পুলিশ ফাঁড়ি এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। এই তিন মামলায় মোট ৬ হাজার ৫০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। সেদিনের ঘটনায় ১৪ জনকে আটক করেছিল পুলিশ

তিনি বলেন, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে হামলার ঘটনায় আনসার কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা এবং ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার রেজিস্ট্রার বাদী হয়ে একটি মামলা করেন। এ দুই মামলায় পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের কারও নাম না থাকার বিষয়ে তিনি জানান, হেফাজতের জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটির নামের তালিকা আমাদের কাছে আছে। আমরা বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। এগুলো পর্যবেক্ষণ করে নিশ্চিত হয়ে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, এ ঘটনায় অনেকে অন্যান্য এলাকা থেকে বা অনেক দূরের এলাকা থেকে এসে হামলায় অংশ নিয়েছেন। যেহেতু আমরা কাউকে চিনি না, তাই আমরা কারও নাম না দিয়েই মামলার অভিযোগ লিখেছি। আমরা নিশ্চিত হয়ে গ্রেপ্তার করব বা পরবর্তী ব্যবস্থা নেব।

এ দিকে আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ বলছেন, আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এবং সংলগ্ন পুলিশ ফাঁড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় টোল প্লাজা কর্তৃপক্ষ ও পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছে। দুই মামলায় প্রায় এ হাজার ২০০ অজ্ঞাত লোককে আসামি করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর