গান বাজিয়ে ট্রাক চালিয়ে পিষে দিল ৪ সিএনজি যাত্রীকে!

চট্টগ্রামের রাউজানে ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন, মঙ্গলবার (৩০ মার্চ) দিনগত রাত ২টার দিকে উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের দমদমা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরই সেখানে গিয়ে দেখা যায় ট্রাকে উচ্চ শব্দে গান বাজছে। এতে ধারণা করা হচ্ছে উচ্চশব্দে গান বাজিয়ে ঘুম চোখে ট্রাক চালাচ্ছিল ড্রাইভার। যার ফলেই ঘটেছে ভয়াবহ এই দুর্ঘটনা।

নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নোয়াখালীর হাতিয়া থানার চরফকিরা গ্রামের মৃত দেলু মাঝির ছেলে মো. সিরাজ (৫৫), নগরীর মোহরার মৃত শাহ আলমের ছেলে মোরশেদ (৪০) ও রাঙ্গুনিয়া সরফভাটা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. আবুল কালামের ছেলে মো. শাহাজাহান (৩৩)।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন বলেন, রাঙ্গুনিয়ামুখী একটি সিএনজিচালিত যাত্রীবাহী অটোরিকশার (চট্টগ্রাম-থ-১২-৮৫২৮) সাথে শহরমুখী বালুবাহী ট্রাকের (চট্টগ্রাম-ড ১১-২২৩৩) মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় চারজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। রাউজান থানা পুলিশ ও রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালান।

রাঙ্গুনিয়া সরদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, আমরা যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন ট্রাকে গান বাজছিল। পরিস্থিতি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক গান শুনতে শুনতে ঘুম চোখে ট্রাক চালানোর কারণে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাকটি ডানদিকে গিয়ে বেপরোয়া গতিতে ধাক্কা দেওয়ার কারণে অটোরিকশাটি প্রায় ২৫ গজ দুরে গিয়ে দুমড়ে-মুচড়ে পড়ে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর