করোনা সংক্রমণের জন্য গত বছর বেশ কিছু পৌরসভায় খোট গ্রহণ স্থগিত হয়েছিলো। সেই স্থগিত হওয়া পৌরসভাসহ ৪টি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে। বুধবার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং এ ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
অনুষ্ঠিত ৪ পৌরসভা হলো-মাদারীপুরের কালকিনি, যশোর, ঠাকুরগাঁও সদর এবং চাঁপাইনাবগঞ্জের শিবগঞ্জ। এই চার পৌরসভার দুটিতে সাধারণ নির্বাচন ও বাকি দুটি ওয়ার্ডে উপনির্বাচন হচ্ছে।
এদিকে, মাদারীপুরের কালকিনি পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে। এ পৌরসভায় আওয়ামী লীগ থেকে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন এসএম হানিফ। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীকে মশিউর রহমান সবুজ ও চামচ প্রতীক নিয়ে সোহেল রানা মিঠু নির্বাচন করছেন। এদিকে অন্য রাজনৈতিক দলের মতো ইসামলী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত হাতপাখা নিয়ে নির্বাচন করছেন লুৎফর রহমান। তবে দলের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন থেকে সরে গেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. কামাল হোসেন।
আজকের নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ভোট গ্রহন শুরু হয়েছে। গত সোমবার করোনা সংক্রমণ বাড়ায় সরকারের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনা জারি করা হয় পরের নির্বাচনগুলোর বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।
বৈঠক সূত্র জানায়, সরকারের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনা দেওয়ার পর সিইসির নেতৃত্বে কমিশনের এক অনির্ধারিত বৈঠক হয়। আজকের ভোট স্থগিত নিয়েও সেখানে আলোচনা হয়। তবে ব্যালট পেপার ছাপাসহ অন্য সব কার্যক্রম ইতোমধ্যে শেষ হওয়ায় এবং নির্বাচনের সংখ্যা কম হওয়ায় ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়।
বার্তাবাজার/এ.আর