স্থানীয় লোকজনের ঘরে অগ্নিসংযোগ করতে গিয়ে রোহিঙ্গা আটক
কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সংলগ্ন স্থানীয় লোকজনের বসত-ঘরে আগুন লাগানোর সময় এক রোহিঙ্গা নারীকে হাতেনাতে আটক করেছে জনতা। মঙ্গলবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে রকিমা খাতুন (৫০) নামের ওই রোহিঙ্গা নারীকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) হাতে তুলে দেওয়া হয়।
আটককৃত রকিমা খাতুন নয়াপাড়া ক্যাম্পের বি-ব্লকের মৃত আব্দুল গফুরের স্ত্রী। কোনো উগ্রপন্থী সংগঠন প্রলভন দেখিয়ে এই নাড়িকে দিয়ে এমন কাজ করাতে চেয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবার রাত ৮টার দিকে ২৪নং লেদা ক্যাম্প সংলগ্ন পশ্চিম লেদা এলাকার স্থানীয় এজাহার মিয়ার বাড়িতে আগুন ধরাচ্ছিল রকিমা খাতুন। তখন ওই বাড়ির এক ছেলে তাকে দেখে ফেলে আটক করে। স্থানীয়দের সহায়তায় পরে তাকে এপিবিএন পুলিশের দায়িত্বরত টহল দলের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে কক্সবাজার এপিবিএন-১৬ এর অধিনায়ক তারিকুল ইসলাম বলেন, উপজেলার লেদা রোহিঙ্গা ২৪ নম্বর ক্যাম্পের পাশে বাংলাদেশি এজাহার মিয়ার বাড়িতে কেরোসিন তেল দিয়ে আগুন দেওয়ার সময় ওই নারীকে হাতেনাতে আটক করেন এজাহার মিয়ার ছেলে ও আশপাশের রোহিঙ্গারা। পরে তাকে এপিবিএনের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন রকিমা খাতুন।
তিনি বলেন, খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি টিম তাকে ক্যাম্পে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে। আগুন দেওয়ার কথা স্বীকার করলেও কারা তাকে এ আগুন দিতে বলেছেন তা স্বীকার করছেন না। এ বিষয়ে আরও তদন্ত চলছে। আটক নারীকে জিজ্ঞাসাবাদের পর মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তাবাজার/এসজে