হাইব্রিড নেতাদের ঘাড় ধরে আ.লীগ থেকে বের করে দেয়া হবে: নানক

যেসব নেতারা বিএনপি-জামায়াত থেকে আওয়ামী লীগে ঢুকে পড়েছে তাদেরকে ঘাড় ধরে বের করে দেয়া হবে। কোনো অনুপ্রবেশকারী নেতাকে দলে ঠাঁই দেয়া হবে না। এমনকি অনুপ্রবেশকারীদের দলে ঢুকতে সহযোগিতাকারীদেরও চিহ্নিত করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী অ্যাড. জাহাঙ্গীর কবির নানক।

মঙ্গলবার (৩০ মার্চ) রামু উপজেলার চৌমুহনী স্টেশনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ‘মুক্তিযুদ্ধের ঐক্য’ কক্সবাজার জেলা শাখা আয়োজিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, শেখ হাসিনার কঠোর নেতৃত্বে ঐক্যের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার ছিনিয়ে এনেছেন। রাষ্ট্র যখন এগিয়ে যাচ্ছে বিএনপি- জামায়াত নতুন করে ষড়যন্ত্র শুরু করছে। তারা মানুষের ঘর ও মন্দির পুড়িয়ে দিচ্ছে। বাংলাদেশে নির্বাচন প্রতিহতের নামে অগ্নিসংযোগে মানুষ পুড়িয়ে দিয়েছে। এখন আমাদের ভেতর ঢুকে বিবাদ সৃষ্টি করছে তাদেরকেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশে একটি অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা গড়ে তোলা। যেখানে সকলেই মিলেমিশে সুখে ও শান্তিতে বসবাস করবে। প্রত্যেকে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করবে। জাতির পিতার আদর্শ ও চেতনাকে নষ্ট করে মানুষের মাঝে দ্বন্দ্ব-বিবাদ সৃষ্টি করতে ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে একটি সুবিধাবাদী দল। তারা ধর্মীয় অনুভূতি নিয়ে সকল ধর্মের মানুষের সঙ্গে খেলা করে। এটি আর হতে দেওয়া যাবে না।

এর আগে শুরুতেই কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীতের মধ্যে দিয়ে কার্যক্রম শুরু হয়। আলোচনা সভা শেষে আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধের নাটক মঞ্চায়ন করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের ঐক্য কক্সবাজার জেলা শাখার ঘোষিত ৩টি স্থানের মধ্যে সমাপনী হিসেবে ৩০ মার্চ রামু চৌমুহনী স্টেশনে এই অনুষ্ঠানমালা সম্পন্ন হয়।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর