বগুড়ার ধুনটে মন্দিরে অগ্নিসংযোগ ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার টেংরাখালী হালদারপাড়ায় রাধা গোবিন্দ মন্দিরে ভাঙটুরের এ ঘটনা ঘটায় দূর্বৃত্তরা।
হালদারপাড়ার বাসিন্দারা জানান, সোমবার দিবাগত মধ্যরাতে ওই মন্দিরে দুর্বৃত্তরা সরস্বতী দেবীর প্রতিমা’র মাথা ভেঙে ফেলে। ভোরে গ্রামের লোকজন বিষয়টি দেখতে পেলে পুলিশে খবর দেন। খবর পেয়ে মঙ্গলবার সকালে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত ও ধুনট থানায় অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা সহ প্রশাসনের বিভিন্ন শাখার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় প্রশাসনের নির্দেশে রাধা গোবিন্দ মন্দির থেকে ভাঙচুর হওয়া সরস্বতী প্রতিমাটি টেংরাখালী জলাশয়ে বিসর্জন দেওয়া হয়।
রাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি খোকা চন্দ্র হালদার বলেন, সোমবার দিবাগত রাত ৩টায় মন্দিরে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। তারা মন্দিরে থাকা সরস্বতী প্রতিমার মাথা ভেঙ্গে ফেলে। এছাড়া মন্দিরের ছামিয়ানার কাপড় ও মন্দিরের সেবাদাসী সুমতি হালদারের কাপড় চোপড়ে আগুন ধরিয়ে দেয়। এতে মন্দিরের কিছু ক্ষতি হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, প্রতিমা ভাঙচুরের প্রকৃত কারন জানার চেষ্টা চলছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।
খালিদ হাসান/বার্তা বাজার/এস.আর