প্রাথমিক আতংক কাটিয়ে ৪৩ দিনে সিরাজগঞ্জে করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকা গ্রহণ করেছে ৭২ হাজার ৫’শ ৬ জন নারী ও পুরুষ।
এ তথ্য জানিয়ে জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট মো. গোলজার হোসেন বার্তা বাজারকে বলেন, গত ৭ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত ৪৩ হাজার ৮’শ ৭ জন পুরুষ ও ২৮ হাজার ৬’শ ৯৯ জন নারী এ টিকা গ্রহণ করেন।
জেলার ৯ টি উপজেলার ৩৩ টি স্থায়ী কেন্দ্র থেকে এ টিকা দেয়া হয়। এছাড়া টিকা তৃণমূল পর্যন্ত পৌছে দেয়ার জন্য ইউনিয়ন পরিষদেও অস্থায়ী ভাবে টিকা প্রদান শুরু করা হয়েছে। ৩০ মার্চ মঙ্গলবার সরকারি ছুটি থাকায় টিকা দেয়া হয়নি।
তিনি বার্তা বাজারকে আরও জানান প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হচ্ছে। জেলায় প্রাথমিক পর্যায়ে মোট ৯০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হবে। যার ৭২ দশমিক ২ শতাংশ ইতিমধ্যেই দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ ডেপুটি সিভিল সার্জন ডা. আশরাফুল নাহার বার্তা বাজারকে বলেন, টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে স্বাস্থ্যবিভাগ প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে। টিকা গ্রহণের জন্য যাঁরা অনলাইনে নিবন্ধন করেছেন বা যাঁরা এখনো নাম নিবন্ধন করেননি, তাঁদের টিকা নেওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ করছি। টিকা গ্রহণকারী লোকের সংখ্যা আরও বাড়বে বলে তিনি উল্লেখ করেন।
এম এ মালেক/বার্তাবাজার/হৃ.আর