ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশে এখন ফোর-জিসহ সব ধরনের মোবাইল ফোন তৈরি হয় তাই বিদেশ থেকে আমদানির দরকার নেই।
মঙ্গলবার মোবাইল ফোন অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএ-এর ‘রাউন্ড টেবিল অন বাংলাদেশ এচিভিং মোবাইল-এনেভলড ডিজিটাল ইনক্লিউশন’ শীর্ষক আন্তর্জাতিক ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মোস্তাফা জব্বার বলেন, ‘বাংলাদেশ ১৯৮৯ সালে মোবাইল ফোন যুগে প্রবেশ করলেও মনোপলি ব্যবসার কারণে মোবাইল ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে। ১৯৯৭ সালে ৪টি অপারেটরকে মোবাইল ফোন পরিচালনার লাইসেন্স প্রদানের মাধ্যমে মোবাইল সাধারণের নাগালে পৌঁছে দেয়া হয়। ২০১৩ সালে থ্রি-জি চালু করা অবধি মোবাইল প্রযুক্তি কেবল কথা বলার কাজেই ব্যবহৃত হত। এরপর ২০১৮ সালে ফোর-জি চালু হওয়ার পর আমরা প্রকৃত মোবাইল ইন্টারনেটের যুগে প্রবেশ করি।’
মন্ত্রী বলেন, ‘করোনা থাকার পরও মাত্র তিন বছরে আমাদের মোবাইল অপারেটররা দেশব্যাপী ফোর-জির সম্প্রসারণ করেছে। এর ব্যবহারের পরিধি বাড়াতে সরকার সব ধরনের উদ্যোগ নেবে। বর্তমান সরকারের প্রযুক্তিবান্ধব নীতির ফলে দেশে স্যামসাং ও অপ্পোসহ ১৪টি প্রতিষ্ঠান মোবাইল সেট উৎপাদন করছে। এসব কারখানায় এখন ফোর-জি সেটও তৈরি হচ্ছে। ফলে আমাদের সেট আমদানির প্রয়োজনীয়তা নেই।’
মোবাইল ফোন প্রযুক্তি বিকাশে বাংলাদেশে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ফোর-জি চালুর ধারাবাহিকতায় গ্রামীণফোনের শতভাগ এবং রবির ৯৮ ভাগ বিটিএস ফোর-জি নেটওয়ার্কের আওতায় এসেছে। টেলিটক ও বাংলালিংক শিগগিরই শতভাগ বিটিএস ফোর-জি নিশ্চিত করতে কাজ করছে।
গোলটেবিল বৈঠকটি সঞ্চালনা করেন জিএসএম কর্মকর্তা রাহুল শাহ এবং জুলিয়ান গরমেন।
বার্তাবাজার/ই.এইচ.এম