তৃণমূলের নেতা-কর্মীরাই খাঁটি আ.লীগ কর্মী: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, তৃণমূলে আওয়ামী লীগের যেসব নেতা-কর্মী আছে তারাই খাঁটি আওয়ামী লীগ কর্মী এবং তাদের কারণেই আওয়ামী লীগ সরকার পরিচালনা করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। একটি ‘তলাবিহীন ঝুঁড়ির দেশ’ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশ, সেখান থেকে মধ্যম আয়ের দেশ এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন।

মন্ত্রী মঙ্গলবার (৩০ মার্চ) নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, যারা মাঠ পর্যায়ে কাজ করছেন তারা কেউ দলের বেতনভুক্ত কর্মচারী নয়। কিন্তু সবাই বঙ্গবন্ধুর আদর্শের কর্মচারী। তিনি বলেন, বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার, তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে ভর্তুকি, ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ১০ টাকা কেজিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল, কমিউনিটি হাসপাতালে ৩০ প্রকার ওষুধ, পাকা রাস্তাঘাট, ঘরে ঘরে বিদ্যুৎ, মুক্তিযোদ্ধা ভাতা, গৃহহীনদের ঘর প্রদান নিশ্চিত করেছেন উল্লেখ করেন তিনি।

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, সাংস্কৃতিক সম্পাদক ও সংসদ সদস্য অসীম কুমার উকিল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম-সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সম্মেলনে বক্তব্য রাখেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর