ফরিদপুরের ভাঙ্গা-রাজশাহীগামী আন্তঃনগর মধুমতি ট্রেনের সাথে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ভবানীপুর এলাকার কামালের ভাটার নিকট মাটি ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) বিকাল সোয়া ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙ্গা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মধুমতি ট্রেনটি রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড়ভবানীপুর এলাকার কামালের ইট ভাটায় মাটি নিয়ে যাওয়ার সময় মাটি ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ট্রেনটি বসন্তপুর রেল ষ্টেশনে রয়েছে। এসময় আহত অবস্থায় রাজবাড়ী সদর উপজেলার চরখানখানাপুর গ্রামের ইউসুফ শেখের ছেলে ট্রাক চালক পলাশ শেখ (২৫), খানখানাপুর সরদারপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে হেলপার মিলন শেখ (৪০) ও বড়ভবানীপুর গ্রামের আনসার শেখের ছেলে পথচারী বাইসাইকেল আরোহী বাবুল শেখ (৫০) আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ট্রাক চালক পলাশ শেখ ও হেলপার মিলন শেখ মারা যায়। বাবুল শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজবাড়ী জিআরপি থানার ওসি মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে বার্তা বাজারকে বলেন, ট্রেন-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ জন মারা গেছে। ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ার কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/হৃ.আর