পুলিশের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে নারী সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নেপথ্যে ওসি!
চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে এক নারী সাংবাদিকের বিরুদ্ধে পুলিশের যোগসাজসে আদালতে চাঁদাবাজি মামলা দায়ের করার অভিযোগ উঠেছে।
গত রোববার (২৭ মার্চ) শাহীন আকতার নামের এক প্রবাসীর স্ত্রী বাদী হয়ে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার বোয়ালখালী প্রতিনিধি কাজী আয়েশা ফারজানার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। এ মামলায় অপর দুই আসামীরা হলেন- গোমদন্ডী এলাকার নূরুল আলম ও তার ছেলে মো. সেলিম।
মামলার পর বোয়ালখালী থানার ওসি আবদুল করিম এ সংক্রান্ত বিষয়ে নাম সর্বস্ব অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ উদ্দেশ্যে প্রণোদিতভাবে একটি মেসেঞ্জার গ্রুপে শেয়ার করছেন। তার একটি স্ক্রীন শর্ট বার্তা বাজারের হাতে এসেছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা সদরের মদিনা মার্কেটের মালিক মো.সেলিম উদ্দিন নিজ মার্কেটের দোকান ঘর নির্মাণ করতে গেলে মার্কেটের দোকানদার প্রবাসী আবুল কালামের লোকজন বাঁধা দেয়। পরে ২৪ মার্চ রাত ২টা নাগাদ পুলিশের উপস্থিতিতে ওই মার্কেটের নির্মাণাধীন দোকান ঘর ও স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় মার্কেটের মালিক মো. সেলিম ও মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আনোয়ার চট্টগ্রাম পুলিশ সুপারের কাছে পৃথক দুইটি অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে শনিবার (২৭ মার্চ) ‘এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।
এতে ক্ষিপ্ত হয়ে বোয়ালখালী থানা পুলিশের যোগসাজশে দোকানের মালিকের স্ত্রী শাহীনা আকতার বাদী হয়ে চাঁদাবাজির মিথ্যা অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন বলে দাবী, সাংবাদিক কাজী আয়েশা ফারজানার।
তিনি বার্তা বাজারকে বলেন, মামলার বাদীকে আমি কোনদিন দেখিনি, চিনিও না। তার সাথে কখনো কোন বিষয়ে যোগাযোগ হয়নি। অথচ আমাকে আসামী করে তিনি মামলা দায়ের করেছেন। মামলার পর বোয়ালখালী থানার ওসি আবদুল করিম এ সংক্রান্ত বিষয়ে নাম সর্বস্ব অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ উদ্দেশ্যে প্রণোদিতভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে লাইক শেয়ার করছেন। এতে আমার সামাজিক ভাবে মান সম্মান ক্ষুন্ন হচ্ছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবী করছি।
মার্কেট মালিক মো. সেলিম বার্তা বাজারকে বলেন, বুধবার রাতের আঁধারে থানার এসআই জাহাঙ্গীর আল আমানের উপস্থিতিতে সন্ত্রাসীরা মার্কেটের নির্মাণাধীন দোকান ঘর ভাঙচুর করে লুটপাট চালায়। এ সময় তারা আগুন দেওয়ার চেষ্ঠা করে। এ ঘটনায় গত বৃহস্পতিবার চট্টগ্রাম পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ কারণে মামলা করে হয়রানী করা হচ্ছে।
মার্কেট সমিতির সভাপতি মো. আনোয়ার বার্তা বাজারকে বলেন, আমরা এ ঘটনার নিন্দা জানাচ্ছি। এই মিথ্যা মামলা প্রত্যাহার করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে কর্মসূচি ঘোষণা করা হবে।
বোয়ালখালী থানার ওসি আব্দুল করিম বার্তা বাজারকে মামলার বিষয়ে তার যোগসাজস থাকার বিষয়টি অস্বীকার করেন। এছাড়া স্যোশাল মিডিয়ায় নিউজটি শেয়ারের বিষয়ে জানতে চাইলে অসুস্থতার কথাবলে বিষয়টি এড়িয়ে যান।
মামলার বাদী শাহিনা আক্তারের মুটোফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে তার ভাসুর আবছারের কাছে শাহিনার ব্যাপারে জানতে চাইলে তিনি পারিবারিক বিভিন্ন সমস্যার কথা বলে ভয়ে তার বিরুদ্ধে কোন মন্তব্য করতে রাজি হননি।
এই ঘটনার প্রতিবাদে নিন্দা জানিয়েছেন বোয়ালখালী প্রেস ক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, কালের কণ্ঠ শুভ সংঘ, মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
বার্তাবাজার/হৃ.আর