দেশে নতুন রাজনৈতিক দল ‘নৈতিক সমাজ’

দেশে ‘নৈতিক সমাজ’ নামে আরও একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার (৩০ মার্চ) দলের আত্মপ্রকাশ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেন। বিশেষ অতথি হিসেবে গনণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ও ঢাবি শিক্ষক ড. আসিফ নজরুল উপস্থিত ছিলেন।

এছাড়া নতুন এ দলের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন, মেজর অব. মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আতিকুল রহমান, তফিজ উদ্দিন আহম্মেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মারুফ খালেদ।

নৈতিক সমাজের সফলতা কামনা করে ড. কামাল হোসেন বলেন, আজ যে দলটি এলো সেখানে যেন অসৎ মানুষদের নেওয়া না হয়। সমাজে আইনের শাসনের দুর্বলতা ও বিচারহীনতার বিরুদ্ধে সোচ্চার থাকলে আমি মনে করি অন্যায়ের পক্ষের শক্তি পরাজিত হবে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজ নৈতিক সমাজের জন্ম। তাদের এই জন্মকে শুভকামনা জানাচ্ছি। এর মাধ্যমেই জেগে উঠবে বাংলাদেশ। আমরা পৃথিবীর এক নম্বর রাষ্ট্র হতে চাই না, আমরা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা চাই। সমাজের প্রতিটা মানুষ যেন সুফল পায়।

দল গঠনের ঘোষণা দিয়ে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, সাবেক রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ আমসাআ আমিন বলেন, দল অনেক আছে, কিন্তু বেশির ভাগই সমস্যার অংশ। ৫০ বছরে তারা সমাধানের অংশ হতে পারেনি। সব সমস্যার মূলে রয়েছে অসুস্থ, অনৈতিক, অসৎ ও ভ্রষ্ট রাজনীতি। অর্থনৈতিক উন্নতি হলেও রাজনীতি ও সমাজ সংস্কৃতির ভয়ানক অধপতন ঘটেছে। সৎ, মেধাবী ও দূরদর্শী নেতৃত্বের খুবই প্রয়োজন। এসব প্রয়োজন পূরণ করতেই নতুন দল হিসেবে ‘নৈতিক সমাজ’ গড়ে তোলা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর