লড়াই করেও পারল না বাংলাদেশ, সিরিজ জিতল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মাঠে নামে বাংলাদেশ দল। টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ দল। জবাবে ব্যাট করতে নেমে ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান করে নিউজিল্যান্ড।

ম্যাচটি দুইবার বৃষ্টিত কারণে বন্ধ হয়েছিল। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের ইনিংস পরিত্যক্ত হয়। এতে বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৭০ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। মাত্র ৬ রান করে বেনেটের বল ফিপিসকে ক্যাচ দিয়ে ফিরেন লিটন দাস। লিটনের বিদায়ের পর নাঈম শেখকে নিয়ে রানের গতি বাড়াতে থাকেন সৌম্য সরকার।

২৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন সৌম্য। তার ইনিংসটি সাজানো ছিল ৫ চার ও ৩ ছয়ে। কিন্তু এরপরেই সাউদির বলে মিলনের হাতে ক্যাচ দিয়ে ফিরেন সৌম্য। ৫১ রান করে ফিরেন তিনি। সৌম্যর বিদায়ের পরে বাকি ব্যাটসম্যানরা আসা যাওয়ার মিছিলে।

৩৫ বলে ৪ চারে ৩৪ রান করে ফিলিপসের বলে গাপটিলের হাতে তালুবন্দি হন নাঈম। অন্যদিকে ১২ বলে ৪ চারে ২১ রান করে মিলনের বলে বোল্ড হয়ে ফিরেন মাহমুদউল্লাহ। মাত্র ২ রান করে ফিরেন আফিফ। তিনিও মিলনের বলে বোল্ড হন।

সাউদির বলে উইকেটের পেছনে ধরা পড়ে ১ রান করে ফিরেন মিঠুন। ৩ রান করে সাউদির হাতে ক্যাচ দিয়ে বেনেটের দ্বিতীয় শিকার হন সাইফউদ্দিন। শেষ পর্যন্ত ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান করে বাংলাদেশ। এর ফলে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল নিউজিল্যান্ড।

এর আগে নিউজিল্যান্ডের হয়ে মার্টিন গাপটিল ২১, ফিন অ্যালেন ১৭, ডেভন কনওয়ে ১৫ ও উইল ইয়ং ১৪ রান করেন। ডেরিল মিচেল ১৬ বলে ৬ চারে ৩৪ ও গ্লেন ফিলিপস ৩১ বলে ৫ চার ও ২ ছয়ে ৫৮ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের হয়ে মেহেদী হাসান ২টি উইকেট শিকার করেন। মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম ১টি করে উইকেট নেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর