কিশোরগঞ্জে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ

কিশোরগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে শহরের পুরান থানা ও একরামপুর এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, হেফাজতের হরতাল চলাকালে কিশোরগঞ্জ জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এর প্রতিবাদে দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একটি মিছিল বের হয়। পুরান থানা এলাকায় মিছিলটিকে বাঁধা দেয় পুলিশ। এসময় বাকবিতণ্ডার মধ্য দিয়ে শুরু হয়ে যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ।

এক পর্যায়ে সড়কে টায়ার ফেলে আগুন ধরিয়ে দেয় বিএনপি নেতাকর্মীরা। তারা রেললাইনের পাথর ও ইট পাটকেল নিক্ষেপ করে। জবাবে পুলিশ গুলি ও কাঁদানো গ্যাস ছোঁড়ে। প্রায় দেড় ঘন্টা ব্যাপী সংঘর্ষের পর বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসময় পুলিশের গুলি, লাঠিচার্জ ও কাঁদানো গ্যাসে কিশোরগঞ্জ পৌর বিএনপির আলমগীর, জেলা ছাত্রদলের সায়েদ সুমন, স্বেচ্ছাসেবকদলের উবায়দুর রহমান শাকিল, করিমগঞ্জ উপজেলা যুবদলের হানিফ উদ্দিন শিহাবসহ জেলা বিএনপির প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, করোনা পরিস্থিতিতে জনসমাগম নিষেধ থাকার পরেও বিএনপির নেতাকর্মীরা এসে জড়ো হতে থাকে। আমরা বাঁধা দেওয়ায় তারা আমাদের উপর হামলা করে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর