টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।

এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে তাদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যান। মিছিলে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, আনিছুর রহমান আনিছ, সাংগঠনিক সম্পাদক আরশাফ পাহেলী, শফিকুর রহমান খান শফিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বার্তা বাজারকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে।

এ সময় তারা ব্যানার ছিনিয়ে নিয়ে গেছে। পুলিশ বলেছে সরকারের বিরুদ্ধে কোনো ধরনের কর্মসূচি করতে দেওয়া হবে না। ঘটনাস্থল থেকে পুলিশ তিনজন নেতাকর্মীকে আটক করেছে বলেও তিনি জানান।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বার্তা বাজারকে জানান, গুরুত্বপূর্ণ এলাকায় অনুমতি ছাড়াই বিএনপির নেতাকর্মীরা কর্মসূচি পালন করতে চায়। এ সময় তাদের কর্মসূচি পালন করতে নিষেধ করা হয়েছে। তবে তাদের বাধা দেওয়া হয়নি। কাউকে আটক করাও হয়নি।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর