ঘরোয়াভাবে দলীয় আয়োজন করতে নেতাকর্মীদের সেতুমন্ত্রীর আহ্বান

চলমান করোনা পরিস্থিতিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমুহকে দলীয় কার্যক্রম বাইরে না করে স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়াভাবে করতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৩০ মার্চ) সংসদ ভবন এলাকায় অবস্থিত নিজের সরকারি বাসভবন থেকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, ‘এখন থেকে রাজধানীসহ সারা দেশে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের যে কোনো কার্যক্রম বাইরে করা যাবে না। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব পুনর্বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে চট্টগ্রাম বিভাগে আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সিলেট বিভাগে আহমদ হোসেন এবং রংপুর বিভাগে সাখাওয়াত হোসেন শফিক দায়িত্ব পালন করবেন।

ওবায়দুল কাদের বলেন, ‘করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল বুধবার (৩১ মার্চ) থেকে দেশের সকল গণপরিবহনে অর্ধেক যাত্রী নেওয়া সাপেক্ষে সরকার ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভাড়া পূর্বের অবস্থায় ফিরে আসবে।’

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর