নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামে বাংলাদেশ দল। টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠায় টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণভাবে করে নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও ফিন অ্যালেন। তবে তাদের জুটিকে বেশিদূর যেতে দেননি তাসকিন আহমেদ।
একাদশে জায়গা পেয়েই বাংলাদেশের পক্ষে প্রথম উইকেট তুলে নেন তিনি। ব্যক্তিগত ১৭ রানে নাঈম শেখের হাতে ধরা পড়ে ফিরেন অ্যালেন। এরপর দলীয় ৫৫ রানে দুই উইকেট হারিয়ে বসে কিউইরা।
ওপেনার গাপটিলকে সাঝঘরে পাঠান মোহাম্মদ সাইফউদ্দিন। ২১ রান করে তাসকিনের দুর্দান্ত ক্যাচে ফেরেন তিনি। এমন ক্যাচে অবাক হয়ে না হেসে পারলেন না গাপটিল।
এদিকে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। দুর্দান্ত খেলতে থাকা ডেভন কনওয়েকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। ৯ বলে ২ চারে ১৫ রান করে মোহাম্মদ মিঠুনের হাতে ধরা পরে ফিরেন কনওয়ে।
দ্রুত উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে কিউইরা। এমন পরিস্থিতিতে হাল ধরেন উইল ইয়ং ও গ্লেন ফিলিপস। তবে সেই জুটিতে আঘাত হানেন মেহেদি হাসান।
মেহেদির একটি ডেলিভারি এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন ইয়ং। ১৪ রান করে ফিরেন তিনি। এরপর ম্যাচে বৃষ্টি আঘাত হানলে ম্যাচ কিছুক্ষণ বন্ধ থাকে।
বৃষ্টি শেষে মাঠে নেমে আরও একটি উইকেট তুলে নেন মেহেদি। এবার তিনি ফেরান মার্ক চ্যাপম্যানকে। মেহেদির বলে তার হাতেই তালুবন্দি হয়ে ৭ রান করে ফিরেন চ্যাপম্যান।
এরপর মাঠে নেমে রীতিমত তাণ্ডব চালাতে থাকেন ডেরিল মিচেল। ফিপিলসকে নিয়ে রানের গতি দ্রুত বাড়াতে থাকেন তিনি। গড়েন দারুণ এক জুটি। এমন সময় ফের বৃষ্টি বাঁধায় পড়ে ম্যাচটি। ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান করে নিউজিল্যান্ড।
বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের ইনিংস যদি পরিত্যক্ত হয় তাহলে বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭০ রান। সিরিজে ফিরতে ১৬ ওভারে ১৭০ রান করতে হবে টাইগারদের। ডেরিল মিচেল ১৬ বলে ৬ চারে ৩৪ ও ফিলিপস ৩১ বলে ৫ চার ও ২ ছয়ে ৫৮ রানে অপরাজিত ছিলেন।
বার্তাবাজার/নব