এবার পুলিশের উদ্যোগে নির্মিত হচ্ছে ভাস্কর্য ‘করোনাযোদ্ধা’

পুলিশ সদস্যের অবয়বে ফরিদপুরে ‘করোনাযোদ্ধা’ নামে একটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। ভাস্কর দুলালউদ্দিনের হাতে কংক্রিকেটের এই ভাস্কর্যটি তৈরি হচ্ছে ফরিদপুর পুলিশ অফিসার্স মেস ভবনের সামনে।

পুলিশ জানায়, মেস ভবনের সামনে ৬ ফুট উচ্চতা বিশিষ্ট বেদির ওপর ভাস্কর্য ৩টি নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ভাস্কর্যের দুরত্ব ৪ ফুট করে। বেদির মাঝে মূল যে ভাস্কর্যটি রয়েছে তার উচ্চতা ১২ ফুট।

জানা যায়, ভাস্কর্যটি একজন পুলিশ সদস্যের অব্যবে তৈরি। তার এক হাতে ওয়াকিটকি ও অন্যহাতে একটি হ্যান্ড মাইক। বাঁ পাশে রয়েছে পুলিশের একজন নারী সদস্য, উচ্চতা ১১ ফুট। তার হাতে আছে মাস্ক। ডান পাশে রয়েছে পুলিশের আরেক পুরুষ সদস্য, উচ্চতা সাড়ে ১১ ফুট। তার হাতে হ্যান্ডস্যানিটাইজার। তিনটি ভাস্কর্যের মুখে সাঁটানো রয়েছে মাস্ক।

গত ২৫ ডিসেম্বর থেকে এটির নির্মাণ কাজ শুরু হয়। লোহার ওপর কংক্রিটের ঢালাই দিয়ে নির্মিত আস্কর্যটির কাজ শেষ হতে আরও ১ মাস লাগবে।

ভাস্কর শেখ . দুলালউদ্দিন বলেন, করোনা পরিস্থিতিতে পুলিশ সত্যিকারের অর্থে হয়ে উঠেছিল করোনাযোদ্ধা। সে জন্যই জেলা পুলিশের উদ্যোগে ‘করোনাযোদ্ধা’ নামে এই ভাস্কর্য নির্মাণের আয়োজন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ভবিষ্যতে হয়তো করোনাকে মেনে নিয়ে বসবাস করতে হবে। তখন এই ভাস্কর্য মানুষকে সচেতন হতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে পথ দেখাবে। এ জন্য জেলা পুলিশের উদ্যোগে ‘করোনাযোদ্ধা’ নামের এই ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর