গভীর রাতে খামারে আগুন: গরু-ছাগল পুড়ে হলো কয়লা

ফরিদপুরের সদর উপজেলায় গভীররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মো. বাচ্চু মিয়াজী (৫০) নামে এক চা বিক্রেতার গরুর খামার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ মৌসুমী ফসল আগুনে পুড়ে ছাই হয়েছে।

সোমবার গভীররাতে উপজেলার কানাইপুর ইউনিয়নের খাসকান্দি মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে বাচ্চু মিয়াজীর উন্নত জাতের বিদেশি দুধেল গাভী ও বাছুরসহ ৩টি ছাগল পুড়ে ছাই হওয়ায় ওই দরিদ্র চা-বিক্রেতার আহাজারিতে শোকের বাতাস ভারী হয়ে উঠছে।

ক্ষতিগ্রস্ত বাচ্চু মিয়াজী কান্নাজড়িত কন্ঠে জানান, সোমবার দিবাগত গভীর রাতে হঠাৎ প্রতিবেশীর ডাক শুনে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে আগুন জ্বলছে। পরে প্রতিবেশীদের নিয়ে অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু এরই মধ্যে গরু, ছাগলসহ গোয়ালঘরের সবকিছু পুড়ে যায়। এ সময় খামারে থাকা ৫টি পশু আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। যার মধ্যে দুইটি বিদেশি দুধেল গাভী ছিল।

এছাড়া গোয়ালঘরে নতুন চিরাইকৃত কাঠ বাঁশসহ সাংসারিক নিত্যপ্রয়োজনীয় সামগ্রী রাখা ছিল, সেগুলো পুড়ে ছাই হয়েছে। সব হারিয়ে আমি এখন পথে বসে গেছি। অগ্নিকাণ্ডে সাড়ে তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত বাচ্চু মিয়াজী।

অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে প্রত্যক্ষদর্শীরা জানান, এটা দুর্বৃত্তায়নের কুট-কৌশল দ্বারাই সম্ভব। কারণ গরুর খামারে কোনো প্রকার বৈদ্যুতিক লাইন ছিলোনা। এছাড়া অল্প কয়েকদিনের ব্যবধানে ইউনিয়নের বিভিন্ন গ্রামে একই কায়দায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন জানান, সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি; আমাদের ইউনিয়নের হোগলাকান্দী গ্রামে গত সপ্তাহে একরাতে চারটা বাড়িতে আগুন দিয়েছে। গতকাল রাত্রে খাসকান্দি গ্রামে যে ঘটনাটি ঘটেছে খুবই দুঃখজনক। উনি একজন দরিদ্র মানুষ পেশায় চায়ের দোকানদার। ওনার ২টি গাভী এবং ৩টি ছাগলসহ গরুর খামারে আগুন ধরিয়ে দগ্ধ করেছে।

তিনি আরো বলেন, সরকারকে বিতর্কিত করার লক্ষ্যে একটি সংঘবদ্ধচক্র তথা একশ্রেণীর দুর্বৃত্তায়ন পরিকল্পিত ভাবে জনগণকে বোঝাতে চাচ্ছে দেশের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, তারা সু-কৌশলে বাড়িঘরে আগুন লাগিয়ে দিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে এবং পাশাপাশি প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে ফরিদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসারের তদন্ত সাপেক্ষে ইউনিয়নের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ইউপি চেয়ারম্যানের সমন্বয়ে টহল পুলিশের দ্বারা জোরদার পাহারা নিশ্চিত করতে একান্ত দাবি জানান।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর